
নিজস্ব সংবাদদাতা:
লালমনিরহাটে পারিবারিক জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে রাজনৈতিক রং দিয়ে বিএনপি ও দলটির নেতাকর্মীদের জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে জেলা বিএনপি। এ ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
গত ৫ অক্টোবর লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়ি’তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক।
লিখিত বক্তব্যে বলা হয়, লালমনিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিডিআর হাট এলাকার একটি জমি নিয়ে সংশ্লিষ্ট কয়েকটি পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জেলা বিএনপির অভিযোগ, এই পারিবারিক জমিজমা-সংক্রান্ত বিরোধকে রাজনৈতিক রং দিয়ে বিএনপি ও দলটির নেতাকর্মীদের পরিবারের সদস্যদের হেয় করার চেষ্টা করা হচ্ছে।
বক্তব্যে বিগত সরকারের কয়েকজনের বিরুদ্ধে জমি দখল এবং বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলা হয়। লিখিত বক্তব্যে তাঁদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে দাবি করা হয়, জমিজমা-সংক্রান্ত বিরোধের সঙ্গে বিএনপি পরিবারের কোনো সম্পৃক্ততা নেই। বরং ঘটনাটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করে দলটিকে বিতর্কিত করার চেষ্টা চলছে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, সংশ্লিষ্ট জমিজমা নিয়ে বিরোধের ঘটনায় দায়ের করা মামলায় যাঁদের আসামি করা হয়েছে, তাঁদের মধ্যে সংশ্লিষ্ট পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনও রয়েছেন। জেলা বিএনপির দাবি, পারিবারিক জমিজমা-সংক্রান্ত বিরোধকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করে প্রকৃত ঘটনা আড়াল এবং রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং লালমনিরহাটের কৃতী সন্তান আসাদুল হাবিব দুলুর প্রসঙ্গও তুলে ধরা হয়। লিখিত বক্তব্যে বলা হয়, মন্ত্রী আসাদুল হাবিব দুলু যখন এলাকার মানুষের জীবনমান ও আর্থসামাজিক উন্নয়নে কাজ করছেন, তখন তাঁকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে বলে জেলা বিএনপি মনে করে। বক্তব্যে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে পারিবারিক জমিজমা-সংক্রান্ত বিরোধকে এক করে দেখানোর প্রচেষ্টারও সমালোচনা করা হয়।
জেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়, দলটি কোনো ধরনের বলপ্রয়োগ, নৈরাজ্য, দখলদারত্ব কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডকে সমর্থন করে না। লিখিত বক্তব্যে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, মাদক কারবারি, ফ্যাসিস্ট কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও রাজনৈতিক অপকর্মে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আফজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও লালমনিরহাট পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুস সালাম এবং জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান (ভিপি আনিস)। এ ছাড়া বিএনপির জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে জেলা বিএনপি এসব অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানায়।
বাংলার খবর ডেস্ক : 













