
নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনার সময় ২ হাজার ৩৯০ কেজি ভারতীয় চুইঝাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব চুইঝালের বাজারমূল্য ১৬ লাখ ৭৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের জুম্মারপাড় সীমান্তে অভিযান চালিয়ে এসব চুইঝাল জব্দ করা হয়।
বিজিবি ও সীমান্ত সূত্রে জানা গেছে, সীমান্তের প্রধান পিলার ৮০২-এর ১৭ নম্বর উপপিলারের কাছে বাংলাদেশের পাটগ্রাম সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার নিউ কুচলিবাড়ী এলাকা অবস্থিত।
মঙ্গলবার ভোরে ওই সীমান্ত দিয়ে ভারত থেকে চুইঝাল বাংলাদেশে আনার চেষ্টা করছিলেন চোরাচালানে জড়িত ব্যক্তিরা। এ সময় পাটগ্রামের কুচলিবাড়ী ক্যাম্পের বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চুইঝালগুলো ফেলে রেখে পালিয়ে যান তাঁরা।
পরে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ৩৯০ কেজি চুইঝাল জব্দ করেন। জব্দ করা চুইঝালগুলো পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রমের জন্য ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (ভারপ্রাপ্ত) এ এফ এম জুলকার নাঈন বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির তৎপরতা এবং নিয়মিত টহল বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
মো:রশিদুল ইসলাম 












