
নিজস্ব সংবাদদাতা:
‘শুধু চারটি নয়, অসংখ্য প্রাণ ঝরছে রাস্তায়’এমন স্লোগানে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় এলাকাবাসী। এ সময় সড়কটি চার লেনে উন্নীতকরণসহ চার দফা দাবি জানানো হয়।
রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বুড়িমারী আনন্দবাজার (ঘুন্টি) এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আমানতুল্যা প্রধান স্কুল অ্যান্ড কলেজসহ বুড়িমারী ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
সকাল ১০টার আগেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা মৌন মিছিল নিয়ে দুর্ঘটনাপ্রবণ ঘুন্টি বাজার এলাকায় জড়ো হন। পরে ঘুন্টি এলাকা থেকে খারিজা স্কুল পর্যন্ত সড়কের দুই পাশে কয়েক হাজার শিক্ষার্থী অবস্থান নেন। একপর্যায়ে ঘুন্টি বাজার থেকে বেলতলী বাজার পর্যন্ত প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মানববন্ধন থেকে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো—সড়কটি দ্রুত চার লেনে উন্নীত করা, বেপরোয়া ও অনিয়ন্ত্রিত যান চলাচল বন্ধ করা, প্রয়োজনীয় সড়ক নিরাপত্তা অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন এবং ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়ন করা।
মানববন্ধনে বক্তব্য দেন আমানতুল্যা প্রধান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু কাওসার আলম, সহকারী শিক্ষক সুদর্শন রায়, বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম এবং পাটগ্রাম বিসমিল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল আকবার বিন আফসারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রতিশ্রুতি নয়, এখন প্রয়োজন দাবিগুলোর বাস্তবায়ন। বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে একের পর এক দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
সম্প্রতি এ মহাসড়কে একের পর এক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৮ সেপ্টেম্বর বুড়িমারী ঘুন্টি বাজার এলাকায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বুড়িমারী স্থলবন্দরকেন্দ্রিক ভারী যানবাহনের চাপ, বেপরোয়া চালনা এবং সড়কের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে এ মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, লালমনিরহাট সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এবং পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের কাছে চার দফা দাবিসংবলিত স্মারকলিপি দেওয়া হয়।
মো:রশিদুল ইসলাম 












