
নিজস্ব সংবাদদাতা
ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে চলমান উন্মাদনার মধ্যেই সেই আনন্দকে পরিবেশ সচেতনতায় রূপ দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে লালমনিরহাটের স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য যুব সংগঠন।
‘একটি গোল, একটি চারা’ শিরোনামের এ কর্মসূচির আওতায় বিশ্বকাপ চলাকালে প্রতিটি গোলের বিপরীতে একটি করে গাছ রোপণ করা হচ্ছে। এর মাধ্যমে খেলাধুলার উচ্ছ্বাসের সঙ্গে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে কাজ করছেন আয়োজকরা।
শুক্রবার (১২ জুন) অনুষ্ঠিত দুটি খেলায় মোট পাঁচটি গোল হলে এর বিপরীতে সংগঠনের পক্ষ আজ বিকালে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে পাঁচটি চারাগাছ রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাটের সহকারী পরিচালক বিজন কুমার রায় এবং অবসরপ্রাপ্ত প্রভাষক হারুন অর রশিদ।
সংগঠনের সভাপতি শহিদ ইসলাম সুজন বলেন, ফুটবল দেশের মানুষের আবেগের জায়গা। সেই আবেগকে কাজে লাগিয়ে পরিবেশের জন্য ইতিবাচক উদ্যোগ নেওয়াই এ কর্মসূচির লক্ষ্য।
আয়োজকরা জানান, কর্মসূচি বাস্তবায়নে পর্যাপ্ত চারাগাছ সংগ্রহ একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এজন্য ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে সহযোগিতা কামনা করা হয়।
বাংলার খবর ডেস্ক : 
























