
বাংলাদেশে এনে ফেলে গেল স্বামী, আহত সন্তানকে নিয়ে হাসপাতালে ভারতীয় নারী
নিজস্ব সংবাদদাতা
স্বামীর প্রতারণার শিকার হয়ে অসুস্থ সন্তানকে নিয়ে বিপাকে পড়েছেন ভারতের এক নারী। সড়ক দুর্ঘটনায় আহত ছেলের চিকিৎসার জন্য তিনি বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে অবস্থান করছেন। এদিকে ওই নারী ও তার সন্তান পুলিশের নজরদারিতে রয়েছেন।
শুক্রবার (১৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ।
ওই ভারতীয় নারীর নাম বিউটি বিবি (৩২)। তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার আটিয়াবাড়ী গ্রামে। তিনি হবিবর রহমানের মেয়ে। তার স্বামীর নাম আবু বক্কর।
লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. করিম বাদশা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বিউটি বিবি তার আহত ছেলে মো. আব্দুল্লাহকে (১১) নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তিনি নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দেন এবং ভোটার পরিচয়পত্র প্রদর্শন করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
ডা. করিম বাদশা বলেন, “মানবিক কারণে আহত শিশুটিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সড়ক দুর্ঘটনায় তার মাথায় আঘাত লাগে। বর্তমানে সে সুস্থ রয়েছে এবং মায়ের সঙ্গে হাসপাতালে অবস্থান করছে।”
বিউটি বিবি জানান, গত ৭ জুন তার স্বামী আবু বক্কর তাকে ও তাদের সন্তানকে নিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসেন। প্রথমে তারা কুড়িগ্রামে একদিন অবস্থান করেন। পরে ঢাকায় গিয়ে একটি বাড়িতে ওঠেন। সেখানে স্ত্রী ও সন্তানকে রেখে আবু বক্কর বাইরে যাওয়ার কথা বলে চলে যান। কিন্তু চার-পাঁচ দিন পার হলেও তিনি আর ফিরে আসেননি। তার সঙ্গে যোগাযোগেরও কোনো উপায় ছিল না।
তিনি জানান, স্বামীর খোঁজ না পেয়ে গত ১৮ জুন সকালে ছেলে নিয়ে ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। বিকেলে বড়বাড়ী এলাকায় বাস থেকে নামার পর একটি অটোরিকশার ধাক্কায় তার ছেলে আব্দুল্লাহ আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বিউটি বিবি অভিযোগ করে বলেন, “আমার স্বামী আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। বাংলাদেশে এনে ফেলে রেখে তিনি লাপাত্তা হয়েছেন। বাংলাদেশে তার বাড়ি কোথায় বা কোনো আত্মীয়-স্বজন আছে কিনা, কিছুই জানি না।”
তিনি আরও বলেন, “আমি বাবা-মা ও ভাইদের সঙ্গে ফোনে কথা বলেছি। তারা আমাদের বাংলাদেশে আসার বিষয়টি জানতেন না।”
বিউটি বিবির ভাষ্য, প্রায় ১৩ বছর আগে ভারতের হায়দরাবাদের একটি ইটভাটায় আবু বক্করের সঙ্গে তার পরিচয় হয়। পরে তারা বিয়ে করেন। আবু বক্কর নিজেকে বাংলাদেশের নাগরিক পরিচয় দিলেও দাবি করেছিলেন, বাংলাদেশে তার কোনো বাড়িঘর বা নিকট আত্মীয় নেই।
তিনি বলেন, “আমি তার কথা বিশ্বাস করেছিলাম। কিন্তু সে আমাদের বাংলাদেশে এনে প্রতারণা করেছে। সীমান্ত পেরিয়ে এখানে এসে আমি ভুল করেছি। এখন আমি আমার সন্তানকে নিয়ে ভারতে ফিরে যেতে চাই।”
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ বলেন, “বিউটি বিবি ও তার ছেলে পুলিশের নজরদারিতে রয়েছে। শিশুটি পুরোপুরি সুস্থ হলে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাদের ভারতে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।”
মো:রশিদুল ইসলাম 






















