
নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশ-ইনের (ঠেলে পাঠানোর) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সীমান্তে বিজিবি ও বিএসএফ সদস্যরা মুখোমুখি অবস্থান নিয়েছে।
শুক্রবার (৫ জুন) ভোরে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কামাতটারী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে পুশ-ইনের জন্য নিয়ে আসা ১০ জন নারী-পুরুষ ও শিশু ভারতীয় কাঁটাতারের বেড়ার বাইরে শূন্যরেখায় অবস্থান করছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ-ভারত সীমান্তের ৮৪৬ নম্বর প্রধান পিলারের ১ নম্বর উপপিলারের বিপরীতে ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার পানিশালা সীমান্ত এলাকায় মহানদী বিএসএফ ক্যাম্পের সদস্যরা পাঁচ নারী, তিন পুরুষ ও দুই শিশুসহ মোট ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে।
খবর পেয়ে বিজিবির ৬১ ব্যাটালিয়নের পঁয়ষট্টিবাড়ী বিওপির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএসএফের ওই প্রচেষ্টা প্রতিহত করে। একপর্যায়ে দুই বাহিনী সীমান্তে মুখোমুখি অবস্থান নেয়।
বর্তমানে পুশ-ইনের শিকার ব্যক্তিরা ভারতের শূন্যরেখায় অবস্থান করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে বিজিবির সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থানে রয়েছেন।
এ বিষয়ে বিজিবি রংপুর সেক্টরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন কিংবা সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। বর্তমানে রংপুর সেক্টরের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
মো:রশিদুল ইসলাম 


















