
মিজানুর রহমান (বাউফল)
প্রতিনিধি
আজ ২০ এপ্রিল ২০২৬ সোমবার পটুয়াখালী বাউফলের নাজিরপুরে একদিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মানবিক এই উদ্যোগটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং দরিদ্র ও অসহায় মানুষের জন্য আশার আলো হয়ে ওঠে।
নাজিরপুর ইব্রাহিম সেলিম স্মৃতি মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ক্যাম্পের আয়োজন করে নাজিরপুর পঞ্চায়েত বাড়ির যুবসমাজ। সার্বিক সহযোগিতায় ছিলেন সুইজারল্যান্ড প্রবাসী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার মোহাম্মদ নসরতুল্লাহ। ক্যাম্পটি পরিচালনা করে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল, বরিশাল থেকে আগত অভিজ্ঞ চিকিৎসক দল।
ক্যাম্প শুরুর নির্ধারিত সময় সকাল ৯টা হলেও সকাল ৮টা থেকেই রোগীদের উপচে পড়া ভিড়ে ক্যাম্প এলাকা পরিপূর্ণ হয়ে যায়। দূর-দূরান্ত থেকে আসা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ লাইনে দাঁড়িয়ে সেবা গ্রহণের জন্য অপেক্ষা করতে থাকেন। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চিকিৎসকরা অত্যন্ত আন্তরিকতা ও দক্ষতার সাথে রোগীদের চিকিৎসা প্রদান করেন।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ক্যাম্পে মোট ৩৭৭ জন চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া রোগীদের মাঝে বিনামূল্যে ২৪ হাজার ৭৩২ টাকার ওষুধ বিতরণ করা হয় এবং ৯৮ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ক্যাম্প থেকে ৩৭ জন ছানি রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে। গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল, বরিশাল থেকে আগত চিকিৎসকরা এসব রোগীকে তাদের সাথে করে বরিশালে নিয়ে যান, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন ও পরবর্তী চিকিৎসা সেবা প্রদান করা হবে।
পটুয়াখালীর বাউফলসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত রোগীরা এই ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। অনেকেই বলেন, অর্থাভাবে এতদিন চিকিৎসা নিতে পারেননি, এই ক্যাম্প তাদের জন্য বড় সুযোগ সৃষ্টি করেছে।
ক্যাম্পে উপস্থিত রোগী ও স্থানীয়রা আয়োজক, চিকিৎসক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের জন্য দোয়া কামনা করেন।
আয়োজক ও চিকিৎসকগণ জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও বৃহৎ পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
বাংলার খবর ডেস্ক : 


















