
নিজস্ব প্রতিবেদক:
লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নের ফুলগাছ রেলগেট বাজার এলাকায় সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মোঃ মতিউল ইসলাম লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান মজনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী এবং বিশবাড়ি এবাতুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা।
“পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন ও সামাজিক অপরাধ থেকে উত্তরণের উপায়” শীর্ষক আলোচনায় বক্তারা সমাজ থেকে অপরাধ দূরীকরণে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদ হাসান মজনু বলেন, তাদের রাজনৈতিক নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর উদ্যোগে ২০০১ সাল থেকে ১৩টি সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই কার্যক্রমকে আরও বেগবান করতে স্থানীয়ভাবে কমিটি গঠন করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রধান শিক্ষক শাহজাহান আলী বলেন, বাল্যবিবাহ, মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সকলের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে তিনি এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
অন্যদিকে প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, সামাজিক অপরাধমুক্ত সমাজ গড়তে হলে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে। কোনো সন্তান যেন মাদকাসক্ত হয়ে পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্ত না করে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
সভাপতির বক্তব্যে মোঃ মতিউল ইসলাম লিটন বলেন, সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডকে একটি আদর্শ ও আলোকিত এলাকায় পরিণত করতে তিনি বদ্ধপরিকর। এজন্য সামাজিক অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বাংলার খবর ডেস্ক : 















