
নিজস্ব প্রতিবেদক:
লালমনিরহাট সদর উপজেলায় উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত জমি থেকে বেআইনি উচ্ছেদ, হামলা ও লুটপাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন গোবিন্দ চন্দ্র সরকার নামে এক ব্যক্তি। শনিবার (২৮ মার্চ ২০২৬) লালমনিরহাট গল্পকথায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে গোবিন্দ চন্দ্র সরকার বলেন, তিনি মৃত গঙ্গামোহন সরকারের একমাত্র পুত্র এবং একজন সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য। উত্তরাধিকারসূত্রে পাওয়া নিজস্ব জমি থেকে তাঁকে ও তাঁর পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, শুক্রবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনিতা দাস কোনো ধরনের পূর্ব নোটিশ বা আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে এবং পুলিশি উপস্থিতি ছাড়াই স্থানীয় কিছু লোকজনকে সঙ্গে নিয়ে তাঁর দখলকৃত জমিতে প্রবেশ করেন। এ সময় মোগলহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সহ স্থানীয় ৫০-৬০ জন সেখানে উপস্থিত ছিলেন।
গোবিন্দ চন্দ্র সরকারের দাবি, উপস্থিত ব্যক্তিরা তাঁর নির্মাণাধীন স্থাপনা, সাইনবোর্ড ও বসতঘরে ভাঙচুর চালান। তাঁকে মারধর করা হয় এবং মূল্যবান নির্মাণসামগ্রী লুট করা হয়। পরে তাঁকে ও তাঁর সন্তানদের জোর করে জমি থেকে বের করে দেওয়া হয়।
জমির মালিকানা প্রসঙ্গে তিনি বলেন, তাঁর পিতা ১৯৪৩ সালে দলিলের মাধ্যমে প্রায় সাড়ে ১৭ একর জমি ক্রয় করেন। পরে ১৯৫৩ সালে সরকার প্রায় ১৫ একর জমি অধিগ্রহণ করে। অবশিষ্ট ২ একর ১৭ শতাংশ জমি ১৯৬২ সালে তাঁর পিতার নামে রেকর্ডভুক্ত হয়। পরবর্তীতে ওই জমির একটি অংশ স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে দান করা হলেও বাকি জমি এখনো তাঁর বৈধ মালিকানায় রয়েছে। সম্প্রতি তিনি সেখানে একটি মার্কেট নির্মাণের কাজ শুরু করেছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় প্রায় ১০ হাজার ইট, ১০০ বস্তা সিমেন্ট এবং প্রায় দুই লাখ টাকার রড লুটপাট করা হয়েছে। কিছু মালামাল এখনো স্থানীয় ইউনিয়ন পরিষদে রয়েছে বলেও দাবি করেন তিনি। এ সময় মোবাইল ফোনে ভিডিও ধারণে বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন।
তিনি প্রশ্ন তোলেন, কোনো আইনি প্রক্রিয়া বা পুলিশি উপস্থিতি ছাড়া একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা কীভাবে এ ধরনের অভিযান পরিচালনা করতে পারেন এবং কার নির্দেশে এ ঘটনা ঘটেছে।
সংবাদ সম্মেলনে গোবিন্দ চন্দ্র সরকার ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাঁর দখলকৃত সম্পত্তি দ্রুত ফেরত দেওয়ার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে যেন কোনো কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করতে না পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও লালমনিরহাট সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনিতা দাস ফোন রিসিভ করেননি।
অন্যদিকে মোগলহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দুলাল হোসেন বলেন, “আমার জানামতে সম্পত্তিটি খাস জমি। হেনস্তার বিষয়ে তিনি যে অভিযোগ করেছেন, তা সঠিক নয়।
বাংলার খবর ডেস্ক : 

















