
নিজস্ব সংবাদদাতা :
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের পূর্ব দৈলজোর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি পূর্ব দৈলজোর বটতলা এলাকায় পৌঁছালে রেললাইনে বসে থাকা ওই নারী চলন্ত ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয়দের ধারণা, নিহত নারী সনাতন ধর্মাবলম্বী। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মো:রশিদুল ইসলাম 













