
নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে পাগল এক যুবককে পুশ ইনের চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। শুক্রবার (০৩ জুলাই) বিকেল ও সন্ধ্যায় দুই বার উপজেলার পাটগ্রাম ইউনিয়নের জিমনাল নয়াবাড়ী সীমান্তে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয় বাসিন্দা ও বিজিবি পুশ ইন চেষ্টার বিষয় নিশ্চিত হয়ে পুনরায় একই সীমান্ত দিয়ে ওই যুবককে ফেরত পাঠায়।
স্থানীয় এলাকাবাসি ও বিজিবি জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮১৮ নম্বরের ৫ নম্বর সাবপিলারের একদিকে বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম সদর ইউনিয়নের জিমনাল নয়াবাড়ী সীমান্ত এলাকা। বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার আন্দারবাড়ী সীমান্ত এলাকা। শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে ভারতের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের বাগডোকড়া কোম্পানির টহল দলের সদস্যরা কাঁটাতারের বেড়ার গেট খুলে এক যুবককে (২৫) জোর করে বাংলাদেশের দিকে পুশ ইন করে। এ সময় স্থানীয়রা বাসিন্দারা ঘটনা বুঝে ৫১ বিজিবি ব্যাটালিয়নের পাটগ্রাম ক্যাম্পের কমান্ডারকে জানায় এবং ওই যুবককে তাড়িয়ে দেয়। যুবকটি ভারতের কাঁটাতারের দিকে ফিরে যায়। ঘটনা জানতে পেরে পাটগ্রাম ক্যাম্পের টহল দলের সদস্যরা সীমান্তে গিয়ে বিএসএফের পুশ ইন চেষ্টার ঘটনা নিশ্চিত হন। ২৫ বয়সী ওই যুবকের কথাবার্তা অসংলগ্ন হওয়ায় তিনি পাগল বলে ধারণা করা হয়। পরে বিজিবি সদস্যরা কাঁটাতারের বেড়ার কাছে ফিরিয়ে দিয়ে স্থানীয় লোকজনসহ পাহারায় থাকেন। সন্ধ্যায় বিএসএফ আবারও ঠেলে পাঠানোর চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা তা প্রতিহত করে।
সর্বশেষ ওই যুবক ভারতের ১০০ গজ অভ্যন্তর শূন্যরেখায় অবস্থান নিয়ে আছে। ঘটনাস্থলের উভয় সীমান্তে বিজিবি-বিএসএফ সর্তক অবস্থানে রয়েছে।
এ ব্যাপারে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজিউর রহমানের সাথে একাধিকবার কথা বলার চেষ্টা করে ও ক্ষুদে বার্তা দিয়েও কথা বলা সম্ভব হয়নি। তবে, পাটগ্রাম ও কুচলিবাড়ী বিজিবির দায়িত্বশীল কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘মানসিক ভারসাম্যহীন যুবককে ঠেলে পাঠানোর ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ওই ফেরত নিতে বিএসএফকে বলা হয়েছে।’
বাংলার খবর ডেস্ক : 

























