
নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম প্রেস ক্লাবে দবীর উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্র ১০ জন রোগীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) পাটগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে রোগীদের হাতে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের আহ্বায়ক শামীম আরা রত্না, পাটগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম সবুজ, পৌর শ্রমিক দলের নেতা সফিউল ইসলাম বাবু, সমাজসেবক সায়েদুল ইসলাম মিঠু, সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
এ সময় বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ ও মানবিক কাজ। অর্থের অভাবে অনেক দরিদ্র মানুষ প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। এমন পরিস্থিতিতে দবীর উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের এ উদ্যোগ প্রশংসনীয়।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসাসেবায় সহযোগিতা করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
মো:রশিদুল ইসলাম 















