
ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (মঙ্গলবার): রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযান পরিচালনা করে দালাল চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। পরে বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে ৩০ দিন করে এবং অপর একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মঙ্গলবার বিকেলে ঢাকা মিরপুর বিআরটিএ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের গাড়িসংক্রান্ত বিভিন্ন কাজ দ্রুত করে দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের দালালি কার্যক্রম কর্তব্যরত আনসার সদস্যদের নজরে আসে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের উপস্থিতিতে গার্ড ইনচার্জ পিসি মো. খোরশেদ আলম ও এপিসি মো. আল মিজানের নেতৃত্বে দালালবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় দালাল চক্রের সদস্যকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. রুবেল (৩২) ও মো. সাজ্জাদ হোসেন (৪৪)। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত এক ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি ও অবৈধভাবে অর্থ আদায় প্রতিরোধে এ ধরনের দালালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বাংলার খবর ডেস্ক : 






















