
ডেস্ক : গোপালগঞ্জে মাইক্রোবাস, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে গুরুতর আহত ১১ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় আধাঘণ্টা যানচলাচল বন্ধ থাকে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি মাইক্রোবাস ডুমদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পেছন দিক থেকে আসা ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।
এতে তিনটি যানবাহনই পরস্পর ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়ে অন্তত ৪০ জন আহত হন।
পরে খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।
তিনি আরো বলেন, এ দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করলে প্রায় ৩০ মিনিট পর যান চলাচল স্বাভাবিক হয়।
অপরদিকে, একই মহাসড়কের সদর উপজেলার চেয়ানিয়াকান্দি এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 















