
নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী এলাকায় ৫ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। তবে স্থানীয়দের সতর্কতা ও বিজিবির দ্রুত উপস্থিতির কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সূত্রে জানা গেছে, শ্রীরামপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৫৪/১০ এস-এর বিপরীতে ভারতের অভ্যন্তরে দাউয়ারিকামারী এলাকায় রোববার (১৪ জুন) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে।
বিজিবির তথ্য অনুযায়ী, ভারতের ১৫৬/দাউয়ারিকামারী বিএসএফ ক্যাম্পের একটি টহল দল ৫ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। এ সময় স্থানীয় বাংলাদেশি বাসিন্দারা বিষয়টি টের পেয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করলে বিএসএফ সদস্যরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা ওই ৫ ভারতীয় নাগরিককে কাঁটাতারের গেট এলাকা থেকে পুনরায় ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানিয়েছে, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় শ্রীরামপুর বিওপি এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মো:রশিদুল ইসলাম 













