
নিজস্ব প্রতিবেদক –
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অতিদরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে বাস্তবায়নাধীন সরকারি খাল খনন প্রকল্পে নানা অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। শ্রমিক নিয়োগের পরিবর্তে ভেকু (এক্সকাভেটর) মেশিন দিয়ে কাজ করানো, কাজ না করা ব্যক্তিদের নামে বিল উত্তোলন এবং শ্রমিকদের কাছ থেকে ফাঁকা চেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় শ্রমিক ও জনপ্রতিনিধিরা।
জানা গেছে, উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের ঝড়িরপাড় থেকে ভেলাবাড়ী ইউনিয়নের ঢুসেরডেরা পুল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার খাল খননের জন্য ৩৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের তালিকায় দুই ইউনিয়নের মোট ৯০ জন শ্রমিকের নাম অন্তর্ভুক্ত থাকলেও বাস্তবে তাদের অনেকেই কোনো কাজ করেননি বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) নীতিমালা অনুযায়ী শ্রমিক দিয়ে কাজ সম্পন্ন করার কথা থাকলেও প্রকল্পে ভেকু মেশিন ব্যবহার করা হয়েছে। পাশাপাশি যেসব শ্রমিক মাঠে কাজ করেননি, তাদের নামেও বিল উত্তোলনের অভিযোগ রয়েছে।
সরেজমিনে ভেলাবাড়ী ইউনিয়ন অংশে গিয়ে দেখা যায়, সেখানে মাত্র ১৭ জন শ্রমিক কাজ করছেন। অথচ ওই অংশের তালিকায় রয়েছে ৪৫ জনের নাম। দুই ইউনিয়নের ৯০ জন তালিকাভুক্ত শ্রমিকের মধ্যে উপস্থিত ছিলেন আনুমানিক ৩৫ থেকে ৪০ জন। স্থানীয়দের অভিযোগ, অনুপস্থিত শ্রমিকদের নামেও সরকারি অর্থ উত্তোলন করা হয়েছে।
এছাড়া শ্রমিক তালিকায় কয়েকজনের মোবাইল নম্বরের স্থানে বিএনপি নেতা, ব্যবসায়ী ও শিক্ষকদের নম্বর ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এর মধ্যে শ্রমিক শ্রী অনন্ত কুমার রায়ের নামের বিপরীতে ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রিপনের মোবাইল নম্বর ব্যবহারের অভিযোগ ওঠে। তবে এ বিষয়ে রিপন বলেন, তার নম্বর কে বা কারা ব্যবহার করেছেন, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
একাধিক শ্রমিক অভিযোগ করেন, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ব্যাংক হিসাব খোলার পর তাদের কাছ থেকে একাধিক ফাঁকা চেকে স্বাক্ষর নেওয়া হয়। অনেকেই কাজ না করেও তালিকাভুক্ত হয়েছেন, আবার যারা কাজ করেছেন তাদেরও পুরো মজুরি পরিশোধ করা হয়নি বলে দাবি করেন তারা।
শ্রমিক রঞ্জিত কুমার, বেলাল হোসেন ও মোহর আলী জানান, ১৭ দিন কাজ করার পর ব্যাংকে নিয়ে তাদের দিয়ে তিনটি ফাঁকা চেকে স্বাক্ষর করানো হয়। পরে প্রত্যেককে সাড়ে চার হাজার টাকা দেওয়া হলেও বাকি টাকা পরে দেওয়া হবে বলে জানানো হয়। কিন্তু এখন পর্যন্ত সেই অর্থ তারা পাননি বলে অভিযোগ করেন।
প্রকল্পের সম্পাদক ও সংরক্ষিত নারী ইউপি সদস্য সাইদা বেগম বলেন, তিনি কেবল নামমাত্র সম্পাদক ছিলেন। প্রকল্পের কার্যক্রম অন্যরা পরিচালনা করেছেন এবং বিভিন্ন কাগজে তার স্বাক্ষর নেওয়া হয়েছে।
একই ধরনের অভিযোগ করেন প্রকল্পের সভাপতি ইউপি সদস্য মোফাজ্জল হোসেন মোফা। তিনি বলেন, প্রকল্পের কাজ তদারকির সুযোগ তাকে দেওয়া হয়নি। এমনকি তার স্বাক্ষরও জোরপূর্বক নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক বলেন, প্রকল্পের কাজ সরকারি বিধিমালা অনুসরণ করেই সম্পন্ন হয়েছে। তবে কোনো শ্রমিক তার প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হয়ে থাকলে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলার খবর ডেস্ক : 


























