
নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বোনচৌকি সীমান্তে স্থানীয়দের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুই সদস্যের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে ভারতের দিকে পালিয়ে যান ওই দুই বিএসএফ সদস্য। পরে অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে হেফাজতে নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বোনচৌকি সীমান্তের শূন্যরেখায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়দের দাবি, বিএসএফের কয়েকজন সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের মারধর করেন। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে বিএসএফ সদস্যদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি ধস্তাধস্তিতে গড়ায়।
স্থানীয়দের উপস্থিতি বাড়তে থাকলে সীমান্ত এলাকায় উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিএসএফের দুই সদস্য তাদের সঙ্গে থাকা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে ভারতের দিকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের একটি দল। পরে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমামও ঘটনাস্থলে পৌঁছান। বিজিবি সদস্যরা বিএসএফ সদস্যদের ফেলে যাওয়া দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি উদ্ধার করে হেফাজতে নেন।
ঘটনার বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “ভারতীয় বিএসএফের সঙ্গে কথা চলছে। পরবর্তীতে অধিনায়ক পর্যায়ে কথা হলে বিষয়টি জানানো হবে। বোনচৌকি বিওপির ঘটনার বিষয়ে প্রেস বিজ্ঞপ্তির কার্যক্রম চলমান রয়েছে। পতাকা বৈঠক শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।”
মো:রশিদুল ইসলাম 
























